চট্টগ্রাম শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সর্বশেষ:

বাস্তব অভিজ্ঞতার খোঁজে 'এখন টেলিভিশন' পরিদর্শনে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাস্তব অভিজ্ঞতার খোঁজে এখন টেলিভিশনে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

বিজ্ঞপ্তি

২৩ মে, ২০২৬ | ১:৫৫ অপরাহ্ণ

বাস্তব অভিজ্ঞতার খোঁজে ‘এখন টেলিভিশন’ পরিদর্শনে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন ঘটাতে ‘এখন টেলিভিশন’র চট্টগ্রাম ব্যুরো অফিস পরিদর্শন করেছে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার (২৩ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের লেকচারার এবং সহকারী প্রক্টর সরওয়ার কামালের সার্বিক তত্ত্বাবধানে এখন টেলিভিশন অফিস পরিদর্শন করেন তারা।

শিক্ষার্থীরা এখন টেলিভিশনের কার্যালয়ে পৌঁছলে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান ‘এখন টেলিভিশন’র চট্টগ্রামের ব্যুরো প্রধান এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অতিথি শিক্ষক হোসাইন আহমদ জিয়াদ।

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের একটি আধুনিক সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলের অভ্যন্তরীণ নানাবিধ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। কীভাবে মাঠপর্যায় থেকে সংবাদ সংগ্রহ করা হয়, নিউজরুমে তা কীভাবে প্রক্রিয়াজাত হয় এবং সম্পাদনার পর কারিগরি ধাপ পেরিয়ে কীভাবে তা দর্শকের পর্দায় পৌঁছায়—এসব বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন তিনি। পরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে টেলিভিশনের চট্টগ্রাম নিউজরুম ও সম্পাদনা প্যানেল ঘুরে দেখেন এবং সম্প্রচার সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্যে হোসাইন আহমদ জিয়াদ বলেন, ‘বর্তমান বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং প্রযুক্তির অভাবনীয় উৎকর্ষ সাধিত হচ্ছে। সাংবাদিকতার শিক্ষার্থীদেরও এই বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে সমানতালে এগিয়ে যেতে হবে। নিজেকে প্রতিনিয়ত নতুন প্রযুক্তির সাথে আপডেট রাখার কোনো বিকল্প নেই।’

এই আয়োজনের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব তুলে ধরে বিভাগের লেকচারার ও সহকারী প্রক্টর সরওয়ার কামাল বলেন, ‘শ্রেণিকক্ষের চার দেয়ালের মাঝে শেখা তাত্ত্বিক জ্ঞান তখনই পূর্ণতা পায়, যখন শিক্ষার্থীরা তা বাস্তবে দেখার ও উপলব্ধি করার সুযোগ পায়। মূলত আমাদের প্রথম বর্ষের ‘বেসিকস অব জার্নালিজম’ কোর্সের প্রায়োগিক অংশ হিসেবেই আজকের এই মিডিয়া ভিজিটের আয়োজন করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সাংবাদিকতার বাস্তবসম্মত ও পেশাদারিত্বের ধারণা তৈরি করা, যাতে করে তারা ভবিষ্যৎ কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে পারে।’

টেলিভিশন কার্যালয় পরিদর্শন শেষে শিক্ষার্থীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘চট্টগ্রাম ওয়ার সেমিট্রি’ পরিদর্শনে যান। সেখানে এক ভিন্নরকম পরিবেশে শিক্ষক সরওয়ার কামাল শিক্ষার্থীদের ওয়ার সেমিট্রির প্রেক্ষাপট, বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের ইতিহাস এবং কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন কর্তৃক এর রক্ষণাবেক্ষণ ও পরিচালনা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই ধরনের বাস্তব অভিজ্ঞতা তাদের আগামীর পেশাগত পথচলায় দারুণভাবে সহায়ক ভূমিকা পালন করবে।

পূর্বকোণ/ নুসরাত জাহান পুষ্প

শেয়ার করুন