চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলায় বিশেষ সচেতনতামূলক সেশন মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সিআইইউ’র মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং সেন্টার (এমএইচডব্লিউসি)’র উদ্যোগে আয়োজিত এই সেশনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।
‘ম্যানেজিং স্ট্রেস অ্যান্ড বিল্ডিং মেন্টাল রিজিলিয়েন্স’ শীর্ষক সেশনটি পরিচালনা করেন ড. তাসনুভা মাহভীন। তিনি সহজভাবে স্ট্রেস কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং মানসিকভাবে আরও শক্ত হওয়া যায়, সে বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি ‘ইউস্ট্রেস’ (ইতিবাচক চাপ) ও ‘ডিস্ট্রেস’ (নেতিবাচক চাপ)’র পার্থক্য, স্ট্রেস ও বার্নআউটের ভিন্নতা, স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব এবং মানসিক স্থিতিস্থাপকতা বাড়ানোর কিছু কার্যকর উপায় তুলে ধরেন।
স্কুল অব ল-এর সহকারী ডিন ও মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক নাজনীন আক্তারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার আনজুমান বানু লিমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবলিক রিলেশনস অফিসার ওয়াসিয়াতুল মারিফা ইফতি। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইন্টারঅ্যাকটিভ এই সেশনে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং মানসিক চাপ মোকাবিলার বাস্তবসম্মত কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/এএইচ
















