নগরীর চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)’র ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফইটি) পরিদর্শন করেছে। একাডেমিক ও গবেষণা কার্যক্রম জোরদারের লক্ষে আয়োজিত এই সফরটি উভয় প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পরিদর্শনকালে সিআইইউ’র প্রতিনিধি দল আইইউটি’র অত্যাধুনিক বিভিন্ন গবেষণা ও প্রযুক্তি ল্যাব পরিদর্শন করেন। এর মধ্যে ছিল রোবোটিক্স ল্যাব, সেমিকন্ডাক্টর ল্যাব, সিজারি ল্যাব, অটোমোবাইল ওয়ার্কশপ, কম্যুনিকেশন্স ল্যাব, সিম্যুলেশন ল্যাব, ডিএসপি ও ভিএলএসআই ল্যাব, কন্ট্রোল সিস্টেম ল্যাব এবং মেশিন ল্যাব ও ওয়ার্কশপ। পরিদর্শনের সময় তারা এসব ল্যাবে পরিচালিত চলমান গবেষণা কার্যক্রম, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে বেইট (বিএইটিই) এক্রেডিটেশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
সিআইইউ’র প্রতিনিধিদলে নেতৃত্ব দেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আসিফ ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাজ্জাতুল ইসলাম এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান ও সহযোগী অধ্যাপক ড. রুবেল সেন গুপ্ত।
আইইউটি’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনায় যৌথ গবেষণা উদ্যোগ, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, সমন্বিত প্রকল্প এবং জ্ঞান বিনিময়ের বিভিন্ন ক্ষেত্র গুরুত্ব পায়।
এসময় আইইউটি’র উপ-উপাচার্য ড. হিসেইন আরাবি নুর, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজির ডিন আধ্যাপক ড. মোহাম্মদ এনায়েত উল্লাহ পাটোয়ারী, মেকানিক্যাল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আধ্যাপক ড. এম আহসান হাবীব, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আধ্যাপক ড. সৈয়দ ইফতেখার আলী, সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব এবং সদস্য সৈয়দ মাহমুদুল হক উপস্থিত ছিলেন।
এই একাডেমিক সফরের মাধ্যমে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর মধ্যে একটি শক্তিশালী ও দীর্ঘমেয়াদি একাডেমিক ও গবেষণা সহযোগিতার ভিত্তি স্থাপিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
পূর্বকোণ/এএইচ





















