
ইউনেস্কো’র বাংলাদেশ প্রধান ড. সুসান ভাইজ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি’র (সিআইইউ) শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করেছেন। রবিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই সনদ তুলে দেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে একটি বিশেষ লেকচার সেশনে অংশগ্রহণ করেন এবং শিক্ষা ও গবেষণা খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।
এ অনুষ্ঠানে সিআইইউ’র চারটি অনুষদের মোট ১৪৫ জন কৃতী শিক্ষার্থীকে পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এবারের অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ডিন’স লিস্ট প্রাপ্ত ৮৩জন, ডিন’স মেরিট লিস্ট প্রাপ্ত ২৩জন, ডিন’স অনার লিস্ট প্রাপ্ত ২০জন, ভাইস চ্যান্সেলর’স লিস্ট প্রাপ্ত ১২জন এবং ভাইস চ্যান্সেলর’স অনার লিস্টে স্থানপ্রাপ্ত ৭ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রুমা দাস এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান -এর আহ্বায়ক ড. রুবেল সেন গুপ্ত। প্রধান অতিথির পরিচিতি তুলে ধরেন বিজনেস স্কুলের ডিন ড. সৈয়দ মনজুর কাদের ।
সমাপনী বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন: “শিক্ষার্থীরাই একটি দেশের অগ্রগতির চালিকাশক্তি। আমরা বিশ্বাস করি, গুণগত শিক্ষাই একটি জাতিকে এগিয়ে নিতে পারে। সিআইইউ সবসময়ই চেষ্টা করে যাচ্ছে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে। এই অ্যাওয়ার্ড সেই প্রচেষ্টার একটি স্বীকৃতি”। সিআইইউ’র এ ধরনের আয়োজন ভবিষ্যতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং দেশের উন্নয়নে তাদের সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন”।
অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্য থেকে চারজন শিক্ষার্থী মঞ্চে এসে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন- এই অনুষ্ঠান আমাদের প্রত্যেককে নতুন উদ্দীপনা দিয়েছে, আমাদের স্বপ্নকে আরও বড় করে তুলেছে। আমরা কৃতজ্ঞ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক ও প্রশাসনের প্রতি, যাঁরা আমাদের পাশে থেকে পথ দেখিয়েছেন। আজকের এই সম্মান আগামী দিনের সাফল্যের ভিত্তি হয়ে থাকবে।
এসময় শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এএইচ