চট্টগ্রাম রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সাতকানিয়ায় ডাম্পার ট্রাকের চাপায় যুবকের মৃত্যু

সাতকানিয়ায় ডাম্পার ট্রাকের চাপায় যুবকের মৃত্যু

সাতকানিয়া সংবাদদাতা

১৪ মার্চ, ২০২৬ | ১০:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় মাটি কাটার ডাম্পার ট্রাকের চাপায় সাজ্জাদ হোসেন রোহান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার দিবাগত (১৩ মার্চ) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার নলুয়া মরিচ্চা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত সাজ্জাদ উপজেলার উত্তর ঢেমশা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ফোরকানের ছেলে।

 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাজ্জাদ মাটি কাটার শ্রমিকের কাজ করতেন। ঘটনার রাতে ওই এলাকায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলছে—এমন সংবাদ ছড়িয়ে পড়লে সেখানে থাকা মাটি বহনকারী ডাম্পার ট্রাকগুলো দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় একটি দ্রুতগামী ডাম্পার ট্রাক অসাবধানতাবশত সাজ্জাদকে চাপা দেয়।

 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়। পরবর্তীতে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ডাম্পার ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে ঘটনার রাতে নলুয়া ইউনিয়নে পুলিশের কোনো অভিযান ছিল না।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট