চট্টগ্রামে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের বায়েজিদ ও হাটহাজারী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মো. হাসান (২৮), নুর উদ্দীন সোহেল (৩০), তাপস পালিত প্রকাশ শিমুল (৫১) ও দীপক কান্তি দে (৫৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। তারা চট্টগ্রাম নগরীসহ আশপাশের জেলাগুলোতে অস্ত্র সরবরাহ করে আসছিল।
পুলিশ আরও জানায়, বায়েজিদ থানাধীন ড্রিমল্যান্ড আবাসিক এলাকা থেকে প্রথমে হাসানকে চাপাতিসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে হাটহাজারী খন্দকিয়া রাজখান পাড়ার একটি বাসা থেকে ২টি দেশীয় শটগান, ১টি দেশীয় একনলা বন্দুক, ২০টি তাজা কার্তুজ, শটগানের ব্যারেল ও ৩টি রিকয়েলিং স্প্রিং উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান স্বীকার করে- তিনি এসব অস্ত্র ব্যবহার করে নগরীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
অন্যদিকে, একইদিন বায়েজিদ লিংক রোড এলাকা থেকে প্রথমে নুর উদ্দীন সোহেলকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ২টি চায়না রাইফেলের গুলি এবং ১৮টি পিস্তলের গুলিসহ গ্রেপ্তার করা হয়। পরে সোহেলের দেওয়া তথ্যমতে- কোতোয়ালীর চেরাগী পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাপস পালিতকে আরও একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাপস জানান, তিনি অস্ত্রটি দীপক কান্তি দে নামে একব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছিলেন। পরে ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে দীপক কান্তি দে-কে ১০টি পিস্তলের গুলিসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/এএইচ






















