
কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে মো. আবদুল হামিদ (৩৫) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাকের মোহাম্মদ চর এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আবদুল হামিদ উপজেলার কাকারা ইউনিয়নের পুলের ছড়া এলাকার বাসিন্দা। তিনি একটি তামাক কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এসএমচর এলাকার মসজিদের পুকুরে গোসল করতে নামেন আবদুল হামিদ। পুকুরে ডুব দেওয়ার আধঘণ্টা পার হয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এতে স্থানীয়দের মনে সন্দেহ জাগলে তারা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের এক পাশ থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আবু নাঈম রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে ডুবে শ্রমিক নিহতের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশের আইনি প্রক্রিয়া ও অনুমতি সাপেক্ষে মরদেহ দাফনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ