
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ খানহাট এলাকায় কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকালে চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ড ভ্যান এবং কক্সবাজার অভিমুখী একটি ট্রাকের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, মহাসড়কের গাছবাড়ীয়া খানহাট এনুমিয়া শপিং সেন্টারের সামনে একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে গাড়ি দুটির মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় আহতরা হলেন—কুমিল্লার তাহেরপুর এলাকার কাভার্ড ভ্যান চালক অলি উল্লাহ (৩২), মালামালের মালিক পদুয়া বাজারের জামাল হোসেন (৪০) এবং বগুড়ার ট্রাক চালক মো. সোহেল (৩২)।
আহতদের মধ্যে কাভার্ড ভ্যান চালক অলি উল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বিজিসি ট্রাস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, মালামালের মালিক জামাল হোসেন ও ট্রাক চালক মো. সোহেলকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হাইওয়ে থানার এসআই মো. সম্রাট দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় ৩ জন আহত হয়েছেন এবং বর্তমানে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ