চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ২ দফা অভিযানে সম্রাট গ্রুপের প্রধান গ্রেপ্তার, ধস্তাধস্তিতে ৩ পুলিশ আহত

অনলাইন ডেস্ক

১২ মার্চ, ২০২৬ | ৮:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক সহিংসতার ঘটনার পর দুই দফা অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী সম্রাট গ্রুপের প্রধান মো. সম্রাটকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও দু’জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

গ্রেপ্তার সম্রাট বারখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শোলকাটা গ্রামের ইলিয়াস মির্জা কালুর ছেলে। তিনি আনোয়ারা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।

আটক অন্যরা হলেন, জুঁইদণ্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে ও সম্রাটের চাচা মো. কামাল (২৫) ও শোলকাটা গ্রামের সৈয়দ নুরের স্ত্রী রুবি আক্তার (৩৫)।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন, উপ-পরিদর্শক (এসআই) শিমুল চন্দ্র দাস, সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল আফছার ও এএসআই সুমন কুমার ধর। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী। তিনি বলেন, অভিযানে সম্রাট নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একইসময়ে দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট