
নেপালে সফল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত এই নির্বাচন প্রসঙ্গে এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী এই অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, ‘সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন আয়োজন করায় আমি নেপাল সরকার এবং সে দেশের জনগণকে অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলন নেপালের জনগণের আকাঙ্ক্ষা ও দৃঢ়তা এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তির প্রতিফলন।’
নির্বাচনে নেপালের পার্লামেন্টে তরুণদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা গেছে, যেখানে প্রায় ৩৮ শতাংশ এমপির বয়স ৪০ বছরের নিচে।
বাংলাদেশ ও নেপালের ঐতিহাসিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে বাংলাদেশ নেপালের নতুন সরকার এবং সে দেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।’ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আগামীতে অংশীদারত্ব আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ।
পূর্বকোণ/পারভেজ