প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানিতে মোতায়েন করা মার্কিন সেনাসংখ্যা কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, তার প্রশাসন বর্তমানে জার্মানিতে থাকা মার্কিন সেনাসংখ্যা কমানোর বিষয়টি ‘পর্যবেক্ষণ ও বিবেচনা’ করছে এবং খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে তৈরি হওয়া উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প এমন বার্তা দিলেন। সম্প্রতি চ্যান্সেলর মেরৎস মন্তব্য করেছিলেন যে, ইরানি নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে। তার এই মন্তব্যের পরই ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
ট্রাম্প কেবল মন্তব্যের কারণে নয়, বরং ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে জার্মানি এবং ন্যাটোর অন্যান্য মিত্রদেশগুলোর ভূমিকা নিয়েও অসন্তুষ্ট। বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় সচল করার জন্য নৌবাহিনী মোতায়েন না করায় তিনি মিত্রদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।
বর্তমানে বিদেশে অবস্থানরত মার্কিন সেনাদের জন্য জার্মানি অন্যতম বড় একটি ঘাঁটি হিসেবে পরিচিত। দেশটিতে বর্তমানে প্রায় ৩৩ হাজার ৯০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ট্রাম্পের এই নতুন হুঁশিয়ারি দুই দেশের দীর্ঘদিনের সামরিক ও কৌশলগত সম্পর্কে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
পূর্বকোণ/সিজান





















