
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৭ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট ১৪টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সদর থানার বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এসব আসামিকে ধরতে শহরের ঝিলংজা, বৈদ্যঘোনা, খুরুশকুল, পিএমখালী ও চৌফলদণ্ডী এলাকায় সাঁড়াশি তল্লাশি চালায় পুলিশ।
পুলিশের তালিকায় গ্রেপ্তারকৃতরা হলেন—ঝিলংজার আলমগীর (৩২), বৈদ্যঘোনার রমজান আলী সিকদার ওরফে বাবু (১৯), খুরুশকুলের মহিব উল্লাহ (৫০) ও ফজল করিম (৫৫), পিএমখালীর মো. মুবিন (৩৫), মফিজুর রহমান ওরফে মুফিজ (৩০) এবং চৌফলদণ্ডীর রনি ড্রাইভার।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জিআর, সিআরসহ বিভিন্ন ধরনের একাধিক পরোয়ানা বিচারাধীন ছিল। আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।” জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
পূর্বকোণ/পারভেজ