
কক্সবাজারের রামু বিকেএসপি থেকে প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল মালেক (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঝিলংজা বাংলাবাজার এলাকায় ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তার মর্মান্তিক মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
মালেক চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি ‘সী প্রবাল রিসোর্ট’ ও ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মালিক এবং সেন্টমার্টিন ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক ছিলেন। ১ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার বাসিন্দা মালেক এক কন্যা সন্তানের জনক ছিলেন।
মৃত্যুর আগে নিজের ফেসবুক বায়োতে তিনি লিখেছিলেন, “মৃত্যুর পর আমার লাশটি জন্মভূমি সেন্টমার্টিনে বাবা-মায়ের কবরের পাশে শায়িত করিও”। তার সেই শেষ ইচ্ছা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর সেন্টমার্টিনে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সদর থানা পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ