চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় গুজব ছড়িয়ে টপসয়েল কাটার চেষ্টা, রুখে দিল সেনাবাহিনী

সাতকানিয়ায় গুজব ছড়িয়ে টপসয়েল কাটার চেষ্টা, রুখে দিল সেনাবাহিনী

সাতকানিয়া সংবাদদাতা

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৬:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যানেজ করার গুজব ছড়িয়ে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে ইটভাটায় সরবরাহের অপচেষ্টা রুখে দিয়েছে সেনাবাহিনী। এ সময় টপসয়েল কাটার কাজে ব্যবহৃত ৪টি এস্কেভেটর, ৮টি ডাম্প ট্রাক ও ২টি শ্যালো মেশিন বিকল করে দেন সেনা সদস্যরা।

 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

 

এ বিষয়ে সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচারের মাধ্যমে ইটভাটার জন্য টপসয়েল কাটার চেষ্টা করা হয়েছিল। খবর পেয়ে তাদের এই অপচেষ্টা আমরা রুখে দিয়েছি।

 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ইটভাটার সঙ্গে সম্পৃক্তরা সেনাবাহিনীকে ম্যানেজ করে টপসয়েল কাটার একটি গুজব ছড়িয়ে দেন। তাদের উদ্দেশ্য ছিল গুজবে প্রভাবিত হয়ে স্থানীয়রা যাতে সেনাবাহিনীকে টপসয়েল কাটার খবরটি না জানান। বিষয়টি জানার পর সেনাবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানের খবরে ঘটনার সাথে জড়িতরা এস্কেভেটর, ডাম্প ট্রাক ও শ্যালো মেশিন রেখে পালিয়ে যান। পরে সেনাবাহিনীর সদস্যরা সেগুলো বিকল করে দেন।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট