
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল ১ নং ওয়ার্ডে একটি ইটভাটায় হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় কেবিডব্লিও (KBW) নামের ওই ইটভাটায় দৃর্বত্তরা হামলা চালিয়ে অগ্নিসংযোগ, শ্রমিকদের মারধর করেছে।
এই হামলায় ইটভাটার ৭ জন শ্রমিক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন—আহসান উল্লাহ, বাবু, রায়হান, আজিজুল, সোলেমান, আক্কাছ ও মো. হাসান।
ইটভাটার মালিক জসিম উদ্দিন অভিযোগে জানান, দুর্বৃত্তরা শ্রমিকদের থাকার ঘরে আগুন লাগিয়ে দেয় এবং শ্রমিকদের মারধর করে তাদের কাছে থাকা টাকা লুট করে নিয়ে যায়। অগ্নিকাণ্ডে ভাটায় থাকা ২টি স্কেভেটর গাড়ি, ২টি ড্রাম ট্রাক, ১টি মাহিন্দ্রা গাড়ি, ১টি কয়লা ভাঙার মেশিন, ১টি ৬০ ঘোড়ার পানির মোটর এবং শ্রমিকের থাকার ৫টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
মালিকপক্ষের দাবি, এই হামলায় আনুমানিক দেড় কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে। উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত এই ইটভাটাটি স্থানীয় পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ৩০ গজ দূরে।
এই হামলার প্রতিবাদে ১৪ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে মীরেরখীল এলাকায় সরফভাটা ব্রিক ফিল্ড মালিক সমিতির ব্যানারে স্থানীয় জনগণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
বিক্ষোভে ফিল্ড মালিক জসিম উদ্দিন, ম্যানেজার মো. রিয়াজ এবং শ্রমিকদের পক্ষে মো. জাহাঙ্গীর বক্তব্য রাখেন এবং দ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানান।
ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটের ওয়্যার হাউস পরিদর্শক অর্জুন বাড়ৈ জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি নিশ্চিত করেন যে, মাটিকাটার যন্ত্র, গাড়ি এবং শ্রমিকদের বসতঘরে অগ্নিসংযোগের ফলে আগুন পাহাড়েও ছড়িয়ে পড়েছিল।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমদ জানান, ইটভাটায় হামলা ও আগুনের ঘটনার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। মালিক জসিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ১২ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ