আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে পরিবার নিয়ে বিমানযাত্রার সময় রায়ানএয়ারের কর্মীদের কাছ থেকে বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের শিকার হওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানান, বোর্ডিং গেটের কর্মীরা তাঁদের সঙ্গে হুমকিমূলক আচরণ করেছেন এবং তাঁদের পাসপোর্ট ও পরিচয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সাঙ্গাকারার মতে, কোনো যাত্রীর সঙ্গেই এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।
তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইউরোপের স্বল্প খরচের বিমান সংস্থা রায়ানএয়ার। তারা দাবি করেছে, বাধ্যতামূলক অভিবাসন যাচাইয়ের অংশ হিসেবে সাঙ্গাকারার কাছে ভিসার প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। পরে নথি যাচাইপ্রক্রিয়া সম্পন্ন হলে তিনি নির্ধারিত ফ্লাইটেই ব্রিস্টলে ভ্রমণ করেন।
এই ঘটনায় সাঙ্গাকারার পাশে দাঁড়িয়েছেন ব্রিটিশ টেলিভিশন ব্যক্তিত্ব পিয়ার্স মরগানসহ অনেকে। মরগান একে লজ্জাজনক ঘটনা আখ্যা দিয়ে রায়ানএয়ারকে দ্রুত তদন্তের আহ্বান জানান। অন্যদিকে, সাঙ্গাকারা স্পষ্ট জানিয়েছেন, তারকা হিসেবে অতিরিক্ত সুবিধা পাওয়া তাঁর উদ্দেশ্য নয়; বরং চামড়ার রঙ বা পাসপোর্টের ভিত্তিতে কাউকে যেন বৈষম্যের শিকার হতে না হয়, সেটাই তাঁর মূল কথা।
পূর্বকোণ/রানা/পারভেজ


















