ম্যাকেইয়ে এখনো পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাঠে গড়ায়নি কোন অফিসিয়াল টেস্ট। ২২ আগস্ট প্রথম কোন পূর্ণাঙ্গ টেস্ট খেলতে ভেন্যুটিতে নামছে বাংলাদেশে ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের এই ভেন্যু আন্তর্জাতিক ক্রিকেটে তাই বেশ অচেনা। উইকেটের আচরণ নিয়েও তাই আছে কিছুটা ধোঁয়াশা। তবে মাঠের কিউরেটরের অভিজ্ঞতা, সাম্প্রতিক ম্যাচগুলোর পরিসংখ্যান এবং স্থানীয় ক্রিকেটের পরিসংখ্যান মিলিয়ে একটা ধারণা পাওয়া যায় মাত্র। তাতে এটাই পরিস্কার, ম্যাকেইয়ে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে গতি ও বাউন্সের পরীক্ষা।
এখন পর্যন্ত এই মাঠে ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার দুটি ওয়ানডে এবং ২০২৪ সালে ভারত ‘এ’ ও অস্ট্রেলিয়া ‘এ’-র চার দিনের ম্যাচ এই তিন ম্যাচই উইকেটের চরিত্র বোঝার সূত্র। তিন ম্যাচের ফল আবার একই ধরনের নয়। কখনো পেসাররা দাপট দেখিয়েছেন, কখনো সেট ব্যাটসম্যানরা বিশাল রান করেছেন। ২০২৫ সালের ২২ আগস্ট দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে ২৭৭ রান করেছিল। জবাবে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৯৩ রানে। লুঙ্গি এনগিডি নিয়েছিলেন ৫ উইকেট। দুই দিন পর একই মাঠে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করে বসে ৪৩১ রান, মাত্র ২ উইকেট হারিয়ে। ট্রাভিস হেড ১৪২, মিচেল মার্শ ১০০ এবং ক্যামেরন গ্রিন অপরাজিত ১১৮ রান করেন। দক্ষিণ আফ্রিকা পরে ১৫৫ রানে অলআউট হয়।
এর আগে ২০২৪ সালের ভারত ‘এ’ ও অস্ট্রেলিয়া ‘এ’-র চার দিনের ম্যাচে ভারত ‘এ’ প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানে অলআউট হয়েছিল। অস্ট্রেলিয়া ‘এ’ করেছিল ১৯৫। তবে দ্বিতীয় ইনিংসে ভারত ‘এ’ ঘুরে দাঁড়িয়ে ৩১২ রান করে। এই পরিসংখ্যানই বলছে, ম্যাকাইয়ের উইকেটকে শুধুই ব্যাটিং বা বোলিং উইকেট বলা কঠিন। তবে এবারের টেস্টে একটি বিষয় আলাদা। উইকেট তৈরির দায়িত্বে থাকা কিউরেটরের অভিজ্ঞতা।
অস্ট্রেলিয়ার এক অভিজ্ঞ সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, ম্যাকেইয়ের কিউরেটর প্রায় ২০ বছর গ্যাবায় কাজ করেছেন। ফলে তাঁর তৈরি উইকেটে গতি, বাউন্স এবং ভালো ক্রিকেটের উপযোগী ভারসাম্য থাকার সম্ভাবনাই বেশি। ওই সাংবাদিকের মতে, ডারউইনের উইকেটের সঙ্গে ম্যাকাইয়ের উইকেটের বড় পার্থক্য থাকবে। ডারউইনে ব্যবহৃত হয়েছিল ড্রপ-ইন পিচ. ম্যাকেইয়ে হচ্ছে স্বাভাবিকভাবে প্রস্তুত করা উইকেট। তাঁর প্রত্যাশা, এখানে ফাস্ট বোলারদের জন্য সহায়তা থাকবে, তবে একই সঙ্গে এটি হবে ‘ভালো ক্রিকেট উইকেট’। অর্থাৎ শুরুতেই বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করতে পারে। নতুন বলে অস্ট্রেলিয়ার পেসাররা যদি অফ স্টাম্পের আশপাশে ধারাবাহিকভাবে বল করতে পারেন, তাহলে পিচের গতি ও বাউন্স কাজে লাগিয়ে চাপ তৈরি করা সম্ভব। বিশেষ করে প্রথম ১০ থেকে ১৫ ওভার হতে পারে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়।
তবে বাংলাদেশের জন্য স্বস্তির জায়গাও আছে। ডারউইনের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা যে নিজেদের সামর্থ্য দেখিয়েছেন, সেটিই এখন আত্মবিশ্বাসের বড় উৎস। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের গুরুত্বপূর্ণ ব্যাটিং বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দিয়েছে। স্থানীয় সাংবাদিকের মূল্যায়নও তাই বাংলাদেশের জন্য সতর্ক আশাবাদী। তাঁর মতে, প্রথম টেস্টেই বাংলাদেশ দেখিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ সামলানোর সক্ষমতা তাদের আছে। ফলে ম্যাকাইয়ে পিচ যদি দ্রুত ও বাউন্সি হয়, তাতেও বাংলাদেশকে সহজে ভেঙে পড়ার দল মনে করছেন না তিনি।
ম্যাকেইয়ের উইকেটের আরেকটি সম্ভাব্য বৈশিষ্ট্য হলো বলের ভালো ক্যারি। বল যদি ব্যাটে ভালোভাবে আসে, তাহলে সেট ব্যাটসম্যানরা শট খেলতে পারবেন। ২০২৫ সালের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ৪৩১ রান তারই বড় উদাহরণ। তবে টেস্টে সেই একই উইকেট পাঁচ দিন ব্যবহারের পর কী আচরণ করবে, সেটিই বড় প্রশ্ন। প্রথম দুই দিনে পেসারদের প্রভাব বেশি থাকার সম্ভাবনা থাকলেও সময় গড়ালে উইকেটে পরিবর্তন আসতে পারে। রোদ, আর্দ্রতা, বোলারদের পায়ের চিহ্ন এবং দীর্ঘ সময় ব্যবহারের কারণে তৃতীয় বা চতুর্থ দিনে স্পিনাররাও ম্যাচে বড় ভূমিকা নিতে পারেন। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের জন্য তাই ম্যাচের পরের অংশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বাংলাদেশের জন্য ম্যাকাইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে শুরুটা সামলানো। ডারউইনের মতো এখানেও প্রথম ঘণ্টায় অস্ট্রেলিয়ার পেসারদের সামনে উইকেট না হারিয়ে টিকে থাকা জরুরি। একবার বল পুরোনো হয়ে গেলে এবং ব্যাটসম্যানরা বাউন্সের সঙ্গে মানিয়ে নিলে রান করার সুযোগ বাড়তে পারে।
২২ আগস্টের টেস্টে তাই নজর থাকবে প্রথম ঘণ্টার দিকে। নতুন বলে অস্ট্রেলিয়ার পেসাররা কতটা বাউন্স ও গতি আদায় করতে পারেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা সেটি কীভাবে সামলান এবং উইকেট যত পুরোনো হবে তার চরিত্র কতটা বদলায় এই তিন প্রশ্নের উত্তরই অনেকটা নির্ধারণ করবে ম্যাকাই টেস্টের ভাগ্য।
পূর্বকোণ/কিরণ/পারভেজ

















