বাংলাদেশ প্রেস কাউন্সিলের ২১তম কাউন্সিলের ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ঢাকায় কাউন্সিলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। আলোচ্য বিষয় উপস্থাপন করেন প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর।
সভার শুরুতে কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম উপস্থিত সদস্যদের শুভেচ্ছা জানান। এ সময় প্রেস কাউন্সিলের জুডিশিয়াল কমিটি কর্তৃক শুনানি শেষে প্রণীত ৩টি মামলার রায় ও আদেশ অনুমোদন করা হয়। প্রেস কাউন্সিলকে আরও স্বাধীন, শক্তিশালী ও কার্যকর গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট সুপারিশ ও বার্ষিক প্রতিবেদন পেশ করার জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা তথ্য ও সম্প্রচার মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎকারে মিলিত হওয়ার সিদ্ধান্ত হয়।
এছাড়া সভায় প্রেস কাউন্সিল কর্মকর্তা-কর্মচারী অবসর ভাতা স্কিম অনুমোদন করা হয়।
সভায় প্রেস কাউন্সিলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, বণিকবার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম, নোয়াবের উপদেষ্টা আখতার হোসেন খান।

















