চট্টগ্রাম সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

২ নভেম্বর, ২০২৬ | ৯:৪২ অপরাহ্ণ

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় করণীয় ও সার্বিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এই গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

​সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন ভূমিকম্পপ্রবণ এলাকায় সাধারণ মানুষের সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি সুনির্দিষ্ট ও সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন।

তিনি একই সঙ্গে দেশের সমস্ত ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবনগুলো দ্রুত শনাক্ত করা, নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে জাতীয় বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণ করা এবং কোনো জরুরি পরিস্থিতিতে অতি দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনার সক্ষমতা আরও বাড়ানোর কথা স্পষ্টভাবে উল্লেখ করেন।

​প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পের মতো আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে মানুষের প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজউক, ফায়ার সার্ভিসসহ অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক কার্যকর সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি।

​সভায় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্পবিষয়ক সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

​সভায় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তথা রাজউক’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট