অর্থপাচারসহ বিভিন্ন আন্তর্জাতিক অপরাধ দমনে হংকংয়ের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তা চুক্তির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি জানান, চুক্তিটির নাম ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এগ্রিমেন্ট ইন ক্রিমিনাল ম্যাটারস’। এটি বন্দী বিনিময় বা অপরাধী প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তি নয়।
বরং অপরাধ তদন্ত ও আইনি সহযোগিতা পাওয়ার জন্য এ চুক্তি করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশের কোনো অপরাধী অপরাধ সংঘটনের পর হংকংয়ে পালিয়ে গেলে বা সেখানে অবস্থান করলে এ চুক্তির আওতায় বাংলাদেশ হংকংয়ের কাছে আইনি সহায়তা চাইতে পারবে।
বিশেষ করে মানি লন্ডারিং বা অর্থপাচারসহ আন্তর্জাতিক অপরাধ দমনে এটি কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, হংকং চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।
এর বিচারব্যবস্থা ও আইন প্রয়োগের প্রক্রিয়া ভিন্ন হওয়ায় চীনের পাশাপাশি হংকংয়ের সঙ্গেও আলাদাভাবে এ চুক্তি করা হচ্ছে। এর ফলে দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদান ও অপরাধ তদন্তে পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে।
পূর্বকোণ/রাকিব/পারভেজ



















