কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জমিতে ইঁদুর মারতে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর রহমান জজমিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নে নিজ বাড়ির পাশের জমিতে এ ঘটনা ঘটে।
নিহত জজমিয়া সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমের স্বামী।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশের জমিতে বেগুন চাষ করতেন জজমিয়া। জমিতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় সেগুলো মারতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন তিনি। সোমবার বেলা ১১টার দিকে জমিতে গেলে অসতর্কতাবশত নিজের পাতা সেই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিমুলকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলামিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি দুঃখজনক। শিক্ষিত একজন মানুষের এমন কাজ করা কাম্য নয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদন ও হাসপাতালের প্রতিবেদন অনুযায়ী মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/রাকিব/পারভেজ



















