চট্টগ্রাম সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ইন্ডিপেন্ডেন্ট টিভির সিইও শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

ইন্ডিপেন্ডেন্ট টিভির সিইও শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

অনলাইন ডেস্ক

২ নভেম্বর, ২০২৬ | ৭:৪৯ অপরাহ্ণ

বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের বহুমুখী আর্থিক কেলেঙ্কারি ও দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমান এবং তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন করেছিলেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি এবং প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া প্রভাব খাটিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ এবং সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
এই অনুসন্ধানের ধারাবাহিকতায় পরবর্তীতে ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ যুক্ত করা হয়। অনুসন্ধানে তার নামে একাধিক ব্যাংক হিসাবের সন্ধান পায় দুদক। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা এসব ব্যাংক হিসাবের অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের অপচেষ্টা চালাচ্ছেন।
দুদক আশঙ্কা প্রকাশ করেছে, অভিযুক্তরা যদি এই ব্যাংক হিসাবগুলোর নিয়ন্ত্রণ নিতে সফল হন, তবে ভবিষ্যতে মামলা দায়ের, আদালতে অভিযোগপত্র দাখিল এবং বিচার শেষে অপরাধ লব্ধ আয় সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়া ব্যাহত হবে। সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থেই এই ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি ছিল।
পূর্বকোণ/মেহেদী/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট