চট্টগ্রাম শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র: সারজিস আলম

এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র: সারজিস আলম

অনলাইন ডেস্ক

৩১ অক্টোবর, ২০২৬ | ৭:১৩ অপরাহ্ণ

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। তিনি বলেন, ‘কোনো ধরনের রাগঢাক না রেখে এবং লোকদেখানো মনোভাব থেকে বের হয়ে প্রকৃত চিত্র তুলে ধরার যে সাহস বিএনপি সরকার দেখিয়েছে, তাকে সাধুবাদ জানাই।’
 
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় পত্রিকা দৈনিক পঞ্চগড় খবরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 
 
সারজিস বলেন, ‘গতবারের তুলনায় রেজাল্টের পাসের হার এবার আরও কমেছে, প্রায় ৫২ শতাংশ এবং জিপিএ ৫-এর সংখ্যা মনে হয় বিগত ১০ বছরের মধ্যে যে দু-একটায় রেজাল্ট সবচেয়ে কম ছিল, এবার সেই কমটা ২৪ হাজারের মতো প্রায়। এটা আসলে প্রকৃত চিত্র।’
 
তিনি বলেন, ‘এক বিষয়ে ফেইল করেছে প্রায় ৩ লক্ষ শিক্ষার্থী এবং দুই বিষয়ে ফেইল করেছে মোট প্রায় সাড়ে ৪ লক্ষের মতো শিক্ষার্থী। তাদেরকে আবার পরীক্ষার সুযোগ দেওয়া হবে অল্প কিছুদিন এর মধ্যেই, যেন তাদের বছর নষ্ট না হয়। আমরা এই উদ্যোগটিকেও সাধুবাদ জানাই।’
 
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা প্রসঙ্গে সারজিস বলেন, ডিসেম্বর মাসে তাঁর দেশে ফেরার গুঞ্জনকে তাঁরা গুরুত্ব দিচ্ছেন না। তবে তিনি সত্যিই দেশে ফেরার চেষ্টা করলে আওয়ামী লীগের অবশিষ্ট রাজনৈতিক অস্তিত্বও শেষ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
 
সারজিস আলম বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পতিত স্বৈরাচারের পতন হয়েছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও পতনের পর কিছুদিন নানা ধরনের তৎপরতা দেখা গিয়েছিল। সর্বশেষ নির্বাচনে তাদের রাজনৈতিক অবস্থার অবসান হয়েছে। আওয়ামী লীগকে ঘিরে এখন যে কথাবার্তা শোনা যাচ্ছে, সেগুলো শেষ হতেও হয়তো কিছুটা সময় লাগবে।’
 
তিনি আরও বলেন, ‘মানুষের মধ্যে এখনো তীব্র ক্ষোভ রয়েছে। তাদের ক্ষোভ কতটা তীব্র, তাদের সঙ্গে সরাসরি কথা বললেই তা বোঝা যায়। ৫ আগস্ট গণভবনে শেখ হাসিনা থাকলে যে পরিস্থিতি হতো, ডিসেম্বরে বাংলাদেশের কোথাও তার অস্তিত্ব পাওয়া গেলে একই পরিস্থিতি তৈরি হতে পারে।’ 
 
 
পূর্বকোণ/মিফতা/পারভেজ
 
 
 
 
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট