চট্টগ্রাম বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

অতিরিক্ত ডিআইজির ভাড়া বাড়িতে মাসে ২২টি ডিজে পার্টি

অতিরিক্ত ডিআইজির ভাড়া বাড়িতে মাসে ২২টি ডিজে পার্টি

অনলাইন ডেস্ক

২১ অক্টোবর, ২০২৬ | ৬:৪১ অপরাহ্ণ

পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে প্রতি মাসে ২০ থেকে ২২টি ডিজে পার্টি হতো বলে জানিয়েছে পুলিশ। ২০২৫ সাল থেকে এসব আয়োজন চলছিল। অংশগ্রহণকারীরা অনলাইনে নিবন্ধন করে পার্টিতে যোগ দিতেন।

বুধবার (২১ অক্টোবর) ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির এ তথ্য জানান। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে গোপন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। ভবনে ঢুকে পুলিশ দেখতে পায়, উচ্চ শব্দে গান বাজছে এবং সিসা সেবনের ধোঁয়ায় পুরো পরিবেশ আচ্ছন্ন। বাড়ির সামনে প্রায় ২২টি গাড়িও ছিল।

উপস্থিত ব্যক্তিরা

ডিসি জানান, পার্টিতে ২৬ জন তরুণী ছিলেন, যাদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছর। তাদের মধ্যে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ছিলেন বলে তিনি দাবি করেন। তরুণ-তরুণীদের মধ্যে ব্যাংকারও ছিলেন বলে জানান তিনি।

মদ, ইয়াবা ও কুশ উদ্ধারের দাবি

অভিযানে তিন বোতল মদ, ইয়াবা এবং কুশ নামের মাদকদ্রব্য উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ছাড়া যৌনস্বাস্থ্যসংক্রান্ত কিছু সামগ্রীও পাওয়া গেছে। পুলিশ ঢুকতেই পার্টি থেমে যায় এবং উপস্থিত ব্যক্তিরা ভবনের পাঁচটি কক্ষের বিভিন্নটিতে চলে যান।

আয়োজনের পদ্ধতি

ইলিয়াস কবির জানান, এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব পার্টির আয়োজন করা হতো। প্রতিটি আয়োজনে জনপ্রতি প্রায় ৬০০ টাকা নেওয়া হতো। বাড়ি ভাড়া বাবদ অর্থ লেনদেনের তথ্যও পাওয়া গেছে।

শাস্তি

আটক ছেলেদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে; জরিমানা না দিলে আরও ১৫ দিন কারাভোগ করতে হবে। মেয়েদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে; জরিমানা অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড।

পূর্বকোণ/আদর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট