চট্টগ্রাম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

সব ধর্মের মানুষকে নিয়ে প্রত্যাশিত দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে নিয়ে প্রত্যাশিত দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

২০ অক্টোবর, ২০২৬ | ২:০০ অপরাহ্ণ

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে দেশকে স্বাধীন করেছে। এখন সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার কাজও করতে হবে।

 

তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে, এটাই হওয়া উচিত সবার প্রত্যাশা।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন তিনি।

 

পথসভায় প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।

 

তিনি বলেন, কৃষকদের কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং কৃষক কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, সমাজের প্রতিটি শ্রেণি, খেটে খাওয়া মানুষ এবং বিভিন্ন পেশার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।

 

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে মঙ্গলবার রংপুরের পাগলাপীরে পৌঁছান প্রধানমন্ত্রী।

 

তাকে একনজর দেখতে সৈয়দপুর থেকে রংপুর পর্যন্ত সড়কের দুই পাশে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের ভিড় দেখা যায়। কয়েক কিলোমিটার সড়কজুড়ে উৎসুক মানুষের উপস্থিতি ছিল। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান। তার প্রতিও হাত নেড়ে শুভেচ্ছা জানান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মানুষ।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট