চট্টগ্রাম সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

শারদীয় দুর্গাপূজা সার্বজনীন সম্প্রীতির বার্তা দেয়: রুহুল কবির রিজভী

শারদীয় দুর্গাপূজা সার্বজনীন সম্প্রীতির বার্তা দেয়: রুহুল কবির রিজভী

অনলাইন ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৬ | ৮:৩৯ অপরাহ্ণ

শারদীয় দুর্গাপূজা কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সব মানুষের কাছে সত্য ও সুন্দরের বার্তা পৌঁছে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (২০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে উপস্থিত দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সামাজিক অসত্য ও অন্যায়কে দূর করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করাই দুর্গাপূজার মূল সুর। পূজার এই উৎসবের তাগিদ ও আনন্দ সকল সীমারেখা অতিক্রম করে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।

রাষ্ট্রের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে বিএনপি নেতা বলেন, প্রত্যেক নাগরিক যেন নিজের ধর্মীয় অধিকার নির্বিঘ্নে, শান্তিতে ও নিরাপত্তার সাথে পালন করতে পারে, তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রাথমিক কর্তব্য। বর্তমান সরকার সেই দায়িত্ব পালনেই সচেষ্ট রয়েছে।

তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের দাবির প্রেক্ষিতে সরকার পূজা উপলক্ষ্যে ছুটির মেয়াদ বৃদ্ধি করেছে এবং মণ্ডপগুলোতে খাদ্য বরাদ্দ বাড়িয়েছে। একইসঙ্গে, মন্দিরের পুরোহিত ও সেবায়েতদের জন্য প্রতিমাসে সরকারি সম্মানীর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের অসাম্প্রদায়িক ঐতিহ্য তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা সতর্ক করে বলেন, শত শত বছর ধরে আমরা একে অপরের উৎসবে শামিল হয়ে আসছি। আমাদের এই চিরন্তন সম্প্রীতির ধারা বিনষ্ট করতে অনেকেই ষড়যন্ত্র ও চক্রান্ত করতে পারে, তবে এ দেশের ধর্মপ্রাণ জনগণ তা কখনোই সফল হতে দেবে না।

তিনি আরও বলেন, ধর্মবিশ্বাস যার যার ব্যক্তিগত বিষয়, কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা সুসংহত রাখাই মূল লক্ষ্য।

পূর্বকোণ/রানা

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট