চট্টগ্রাম সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও'র নিয়োগ বাতিল

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল

অনলাইন ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৬ | ৮:৩৮ অপরাহ্ণ

রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। তারা হলেন সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

 

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা এক চিঠিতে তাদের নিয়োগ বাতিলের কথা জানানো হয়। চিঠিটি তিন ব্যাংকের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

 

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। জনতা ও রূপালী ব্যাংকের ক্ষেত্রে ১৯ অক্টোবর পৃথক চিঠির মাধ্যমে সরকারের সম্মতি জানানো হয়। চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে চুক্তির শর্ত ও প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়ার কথা বলা হয়েছে।

 

শওকত আলী খান ২০২৪ সালের ৩০ অক্টোবর সোনালী ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন। তার নিয়োগের মেয়াদ ছিল তিন বছর। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।

 

অন্যদিকে কাজী মো. ওয়াহিদুল ইসলাম রূপালী ব্যাংকের এমডি হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।

 

মজিবর রহমানও জনতা ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট