ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন অর্থনীতিতে সদ্য নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। এই সাক্ষাতের পর মঙ্গলবার তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে সতর্ক করে দিয়ে বলেছেন, যাতে বিতর্কের মধ্যে না জড়িয়ে পড়ি।
‘আমাদের একটি আন্তরিক এবং হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ হয়েছে। প্রধানমন্ত্রী মোদি একটি কৌতুকের মাধ্যমে আলোচনা শুরু করেছেন। কৌতুকে তিনি বলেছেন, কীভাবে গণমাধ্যম আমাকে (অভিজিৎ) মোদিবিরোধী হিসেবে তুলে ধরার ফাঁদ তৈরি করছে…’।
অভিজিৎ বন্দোপাধ্যায় বলেন, তিনি টেলিভিশন দেখেছেন এবং তিনি আপনাদের (গণমাধ্যম কর্মীদের) সবাইকে দেখছেন। এবং তিনি জানেন আপনারা কি করার চেষ্টা করছেন।
চলতি বছরে স্ত্রী এসথার ডাফলো ও মাইকেল ক্রেমারের সঙ্গে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ অভিজিৎ বন্দোপাধ্যায়। মোদির সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের ব্যাংকিং সেক্টরে যে সঙ্কট চলছে তা আশঙ্কাজনক এবং ভীতিকর।
‘এই সঙ্কট আশঙ্কাজনক এবং ভীতিকর। এটা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত। আমাদের কিছু গুরুত্বপূর্ণ এবং দুঃসাহসিক পরিবর্তন দরকার।’


















