ইন্টারন্যাশনাল ডেস্ক : ১৯৮৯ সালের ছাত্র আন্দোলনে বলপ্রয়োগের বিরোধিতা করেছিলেন চীনের কমিউনিস্ট পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক ঝাও জিয়াং।
ঘটনার পর তাকে বের করে দেওয়া হয়েছিল দল থেকে। ২০০৫ সালে মারা যান ঝাও। মৃত্যুর পর তাকে রীতি অনুযায়ী রাষ্ট্রীয় কবরস্থানে সমাহিত করতে দেয়নি চীনা শাসকেরা। ১৪ বছরের ব্যবধানে গত (১৮ অক্টোবর, শুক্রবার) রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অনুমতির পর বেইজিংয়ের চাওপিং এলাকার তিয়ানসৌ গার্ডেন কবরস্থানে তার দেহভস্ম সমাহিত করা হয়েছে। একই সময় সমাহিত করা হয় তার স্ত্রীর দেহভস্মও।
১৯৮৯ সালে একদলীয় শাসন ব্যবস্থার দেশ চীনের কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের অনুমোদনক্রমে ছাত্র বিক্ষোভে বলপ্রয়োগের ঘটনায় শত শত শিক্ষার্থী নিহত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, চীনের ইতিহাস থেকেও এই বিক্ষোভ মুছে ফেলার চেষ্টা হয়েছে। ছাত্রবিক্ষোভে বলপ্রয়োগের বিরোধিতার পর ঝাও জিয়াংকে পদ ছাড়তে বাধ্য করা হয়। তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত গৃহবন্দি ছিলেন তিনি। শুক্রবার ঝাও-এর দেহভস্ম সমাহিত করার অনুষ্ঠানে কেবলমাত্র পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিত থাকতে দেওয়া হয়।
শুভাকাক্সক্ষী ও সমর্থকদের ওই অনুষ্ঠানে যোগ দিতে দেওয়া হয়নি। ঝাওয়ের মেয়ে ওয়াং ইয়ানান বলেন, আজ পারিবারিক শেষকৃত্যের পাশাপাশি বাবা-মাকে সমাহিত করছি। পারিবারিক আবহে ছোট একটি অনুষ্ঠান করা হচ্ছে। এই শেষকৃত্যের কথা আগেভাগে ঘোষণা না করায় দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত কর্তৃপক্ষের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চিত ছিলেন তারা।
ঝাও ঝিয়াংকে সামনের কাতারে নিয়ে আসেন চীনের সাবেক সর্বোচ্চ নেতা দেং জিয়াওপিং। অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে বাইরের পৃথিবীর কাছে নিজ দেশের বাজারকে উন্মুক্ত করতে সক্ষম নতুন নেতা খুঁজতে গিয়ে তিনি ঝাও ঝিয়াংকে পান।
১৯৮৭ সালে তাকে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বানানোর পর তার অবস্থান সুনিশ্চিত বলেই বিবেচিত হচ্ছিল। তবে দুই বছর পর শিক্ষার্থী আর বেইজিং এর বাসিন্দাদের এক বিক্ষোভে দলের অভ্যন্তরের বিভাজন স্পষ্ট হয়ে ওঠে।


















