আয়কর ফাঁকি দেয়ার অভিযোগে ভারতের বিজয় কুমার নামে গুরু ‘কল্কি বাবার’আশ্রমে অভিযান চালিয়েছে দেশটির আয়কর দপ্তরের কর্মকর্তরা। এই তথ্য হাতে পাওয়ার পর আয়কর কর্মকর্তারা ১৬ অক্টোবর থেকে বিভিন্ন আশ্রমে তল্লাশি শুরু করেন। এ সময় হিসাব বহির্ভূত নগদ ৯৩ কোটি টাকা আশ্রম থেকে উদ্ধার করা হয়। সঙ্গে সোনা, হিরা মিলিয়ে ৪০৯ কোটি টাকার সম্পত্তি। এক সময় তিনি ছিলেন সরকারি অফিসের সামান্য কেরানি। পরে তিনিই নিজেকে কৃষ্ণের দশম অবতার হিসেবে প্রতিষ্ঠিত করেন।
এই ধর্মীয় গুরু নিজেকে কলি যুগের কৃষ্ণ বলে পরিচয় দিয়ে থাকেন। আশির দশকের মাঝামাঝি তিনি চাকরি ছেড়ে চিত্তুরে একটি স্কুল খোলেন। নাম দেন ‘জিবাশ্রম’। তার শিষ্যদের আধ্যাত্মিক পাঠ দিতেন তিনি। ক্রমান্বয়ে তার শিষ্যের সংখ্যা বাড়তে থাকে। চিত্তুরে তিনি ‘ওয়াননেস’ নামে একটি বিশ্ববিদ্যালয়ও খুলে ফেলেন। প্রচুর সেলিব্রিটি এবং বড় ব্যবসায়ীও তার শিষ্য হয়ে যান। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটকে তার প্রচুর আশ্রম রয়েছে। নব্বইয়ে দশকে তিনি নিজেকে কৃষ্ণের দশম অবতার ‘কল্কি’ হিসেবে ঘোষণা করেন।
এছাড়া বিদেশেও তার যাতায়াত রয়েছে। বিদেশে অনেক জায়গায় গিয়ে তিনি নিজের মতবাদ প্রচার করেছেন। দেশ-বিদেশে তার যাবতীয় আশ্রমের একাউন্ট দেখভালের দায়িত্বে ছিলেন স্ত্রী পদ্মাবতী এবং ছেলে এনকেভি কৃষ্ণ।
আয়কর দপ্তর সূত্রে জানা যায়, তার প্রতিটা আশ্রমেরই হিসাব বহির্ভূত আয় রয়েছে। সেই আয় সরকারের কাছে গোপন রাখা হতো। এই তথ্য হাতে পাওয়ার পরই ১৬ অক্টোবর থেকে বিভিন্ন আশ্রমে তল্লাশি শুরু করেন আয়কর অফিসাররা। এসব আশ্রমে ১৮ কোটি টাকার মূল্যের নগদ মার্কিন ডলার উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ৮৮ কেজি সোনা, যার মূল্য ২৬ কোটি টাকা এবং ১ হাজার ২৭১ ক্যারাটের হিরা। সব মিলিয়ে মোট ৫০০ কোটি টাকারও বেশি হিসাব বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন আয়কর কর্মকর্তারা।
পূর্বকোণ/রাশেদ


















