চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কলেজে নকল ঠেকাতে ‘অমানবিক আচরণ’

আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর, ২০১৯ | ৯:৫৫ অপরাহ্ণ

শিক্ষার্থীদের সম্মতি নিয়ে পরীক্ষার হলে নকল ঠেকাতে এক অভিনব পন্থা অবলম্বন করেছে ভারতের কর্ণাটকের একটি কলেজ।  শিক্ষার্থীদের মাথায় কার্ডবোর্ডের বাক্স পরিয়ে নকল রোধের এই কৌশল নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের ‘অমানবিক আচরণের’ কারণ দর্শাতে কলেজটির ব্যবস্থাপনা কমিটিকে নোটিশ দিয়েছে রাজ্যটির প্রি-ইউনিভার্সিটি এডুকেশন বোর্ড।

টাইমস অব ইন্ডিয়া জানায়, গত বুধবার ভগত পিইউ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের রসায়ন মিডটার্ম পরীক্ষায় নকল ঠেকাতে এ অভিনব পদ্ধতি ব্যবহারের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার তথ্য জানতে পেরে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ভবিষ্যতে  যেন এ ধরনের ‘পাগলামি’ না করা হয়, সেজন্য কলেজ কর্তপক্ষকে সতর্ক করে দেন।

প্রি-ইউনিভার্সিটি বোর্ডের পরিচালক এসসি পীরজাদে জানান, “এটা অত্যন্ত অমানবিক। সভ্য সমাজে এ ধরনের অলীক চিন্তা গ্রহণযোগ্য নয়। পরীক্ষার হলে  শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ ও নকল ঠেকাতে অনেক নিয়ম আছে, কলেজ কর্তৃপক্ষ চাইলে সেগুলোকে অনুসরণ করতে পারে।” তিনি জানান, কর্তৃপক্ষ এ ধরনের কিছু চাপিয়ে দেয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের বোর্ডের সঙ্গে যোগাযোগেরও পরামর্শ দেন।

ভগত পিইউ কলেজের পরিচালকমণ্ডলীর সদস্য এমবি সতীশ জানান,  আমরা এ ধরনের উদ্ভট চিন্তা পরিহার করে বোর্ডের নির্দেশনা মেনে চলবো।

এর আগে গত মাসে মেক্সিকোর একটি কলেজের এক শিক্ষকও শিক্ষার্থীদের মাথায় জোর করে বাক্স চাপিয়ে দিয়েছিলেন। অভিভাবকরা কলেজিও দে বেচিলেরস দেল এস্তাদো দে ত্লাক্সকালার ওই শিক্ষককে বরখাস্তেরও দাবি জানিয়েছিলেন।

পূর্বকোণ-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট