চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

উত্তপ্ত লেবাননে বাংলাদেশিদের সতর্কভাবে চলাফেরার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর, ২০১৯ | ৭:২৯ অপরাহ্ণ

লেবাননের রাজধানী বৈরুতের রাস্তায় নেমে প্রতিবাদ করছে হাজার হাজার মানুষ। দেশটিতে জরুরি অর্থনৈতিক অবস্থা ঘোষণা, মার্কিন ডলারের সংকট, দ্রব্যপণ্যের উপর মূল্য সংযোজন কর বৃদ্ধি, হোয়াটস এপের কল রেট বৃদ্ধি ও বর্তমান সরকারের দুর্নীতির প্রতিবাদে নেমেছেন তারা। এই বিক্ষোভ গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শুরু হয়ে আজ শনিবারও তা অব্যাহত ছিল। প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানী বৈরুতসহ সমগ্র লেবানন জনগণ।

বৈরুতের রিয়াদ আল-সোলহ চত্বরে বিক্ষোভকারীরা সরকারি সদরের বাইরে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং  টায়ারে আগুন লাগিয়ে বেশ কয়েকটি বড় রাস্তায় ব্যারিকেড দেয়। লেবাননের অভ্যন্তরীণ সুরক্ষা বাহিনীর (আইএসএফ) এক টুইটবার্তায় জানিয়েছে, তাদের চল্লিশ সদস্য বিক্ষোভে আহত হয়েছে।  প্রতিবাদকারীদের ‘বিশৃঙ্খলা ও সহিংসতা’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আইএসএফ।

এদিকে, মন্ত্রিপরিষদ বলছে, তারা মূল্য সংযোজন কর (ভ্যাট) আরও বৃদ্ধি নিয়ে আলোচনা করবে। এমন ঘোষণাগুলো দিনের বেলা লেবাননের সোশ্যাল মিডিয়ায় আসার পর  ক্ষিপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষ এবং রাতারাতি তা রূপ নেয় বড় ধরনের বিক্ষোভে। বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পরেই লেবানন সরকার বৃহস্পতিবার রাতে ভিওআইপি ট্যাক্স প্রস্তাব প্রত্যাহার করে।

দেশটি সংবাদগুলোর অনলাইন সংস্করণের খবরে বলা হয়, বাজেট অধিবেশনকে সামনে রেখে অর্থনৈতিক সংকট মোকাবিলার অজুহাতে নিত্যপ্রয়াজনীয় ও ব্যবহারের অনেক কিছুর উপর সরকার কর আরোপ করছে। সর্বশেষ হোয়াটএপ, ম্যাসেঞ্জার কলের উপর করারোপ করা হয়।

বন্ধ ছিল সকল শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক ও বেসরকারি অফিসগুলো। রাস্তায় হালকা যানবাহন চলাফেরা করে। এর মধ্যে খবর পাওয়া গেছে বিক্ষোভকারীদের টায়ার জ্বালানো আর নিরাপত্তা বাহিনীর টিয়ার গ্যাস নিক্ষেপে বহু মানুষ আহত হওয়ার।

স্থানীয় মিডিয়াগুলোর খবরে বলা হয়, লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি শুক্রবারের বাতিল করেন মন্ত্রিসভার নির্ধারিত বৈঠক। তার দলের সাথে যুক্ত একটি ওয়েবসাইট জানায়, সরকারের সদর দপ্তরের আশপাশে বিক্ষোভকারীরা জড়ো হওয়ার পরে বাতিল করা হয় মন্ত্রিসভার বৈঠক।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছর মধ্যে লেবানন সবচেয়ে বড় বিক্ষোভের মুখোমুখি হয়। হাজার হাজার লেবানিজ অর্থনৈতিক সঙ্কটের মাঝেও রাস্তায় নামে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে। এজন্য তারা সরকারের কড়া সমালোচনা এবং দোষারোপ করে।

লেবানন প্রবাসী বাংলাদেশি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম খান বলেন, ‘কোনো দেশের আভ্যন্তরীণ সমস্যা নিয়ে মন্তব্য করা বা মতামত দেয়া বা সম্পৃক্ত হওয়ার অধিকার বিদেশি হিসেবে প্রবাসী বাংলাদেশিদের নেই। তবে এই পরিস্থিতি নিয়ে আমরা শঙ্কিত। বাংলাদেশি কমিউনিটির প্রতি নিজেদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।’

লেবাবন ‘প্রবাসী ভাইবো’ সামাজিক সংগঠনের সভাপতি শরীফ খান সবার প্রতি অনুরোধ জানান খুব জরুরি প্রয়োজন ছাড়া রাস্তা-ঘাটে বের না হওয়ার জন্য। রাষ্ট্রদূতসহ দূতাবাস কর্মকর্তারা প্রবাসী বাংলাদেশিদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। দেয়া হয়েছে সবাইকে সতর্কভাবে চলাফেরার পরামর্শও।

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট