রাষ্ট্রদ্রোহের অভিযোগে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার ৯ নেতাকে কারাদণ্ড দেয়াকে কেন্দ্র করে গত সোমবার (১৪ অক্টোবর) থেকে কাতালোনিয়ায় বিক্ষোভ শুরু করেন স্বাধীনতাকামী কাতালানরা। স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনের কারণে তাদের এ দণ্ডাদেশ দেয়া হয়। বিক্ষোভের পঞ্চম দিনে শুক্রবার (১৮ অক্টোবর) শাস্তির প্রতিবাদ জানাতে প্রায় অর্ধলক্ষ মানুষ রাস্তায় নেমে আসেন কাতালোনিয়ার পতাকা হাতে নিয়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানা গেছে।
স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, সেন্ট্রাল বার্সেলোনা অন্তত সোয়া ৫ লাখ কাতালান বিক্ষোভকারী অবরোধ করে রাখেন। ‘স্বাধীনতা চাই’, ‘এই রাস্তা আমাদের’, ‘রাজনৈতিক নেতাদের মুক্তি চাই’, এসব স্লোগানে বার্সেলোনার রাজপথ মুখর হয়ে উঠেছিল।
প্রথমদিকে এই বিশাল জনসমাবেশ শান্তিপূর্ণ থাকলেও পরের দিকে তা হয়ে ওঠে সহিংস। ময়লার কনটেইনারে আগুন ধরিয়ে দেনরাস্তা অবরোধ করে বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন। দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে তারা পাথর ছুড়লে পুলিশও তাদের দিকে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে এবং বিক্ষোভকারীদের লাঠি হাতে পাল্টা ধাওয়া করে।
কাতালোনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে শুক্রবার দুপুরে মিছিল করে বার্সেলোনার কেন্দ্রে এসে জড়ো হন বিক্ষোভকারীরা। এতে অচল হয়ে যায় গোটা শহর। বুধবার (১৬ অক্টোবর) থেকে বিক্ষোভকারীরা জিরোনা, তারাগোনা, ভিচ, মারতোরেলসহ অন্য শহর থেকে পায়ে হেঁটে কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় জড়ো হন।
এক ভিডিওতে দাবি করা হয়, সংঘর্ষে জড়িতদের অনেকেই ডানপন্থি দুর্বৃত্ত ও কাতালোনিয়ার স্বাধীনতাবিরোধী। তারা স্পেনের জাতীয় পতাকা বহন করে ‘নাৎসি স্যালুট’ দিচ্ছিল বলে ফুটেজে দেখা যায়।
পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যকার সংঘর্ষ প্রায় যুদ্ধে পরিণত হয়। ছবিতে আরো দেখা যায়, রাস্তায় ছড়িয়ে রয়েছে অসংখ্য পাথর, আগুন জ্বলছে ব্যারিকেডে, কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে আকাশ।
এদিকে, এ পর্যন্ত অন্তত ১৫ লাখ ইউরো আর্থিক ক্ষতি হয়েছে বার্সেলোনার বিক্ষোভ-সংঘর্ষের কারণে। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত হয়েছেন দু’পক্ষেরই শতাধিক। এ ঘটনায় পুলিশ শুক্রবার কাতালোনিয়ায় ১৬ বিক্ষোভাকারীকে গ্রেপ্তার করেছে।
কাতালান ফ্রি পিপল পার্টির তোনি ক্যাসারাসের বলেন, স্বাধীনতাকামী কাতালানদের অধিকাংশই শান্তিপূর্ণ বিক্ষোভে বিশ্বাসী। তাদের দাবি পূরণ না হলে রাস্তায় নামবেই তারা। অনেক বছর ধরে প্রতিবাদ-বিক্ষোভ চলছে কাতালোনিয়ায়। আমাদের নেতাদের কারাদণ্ড আর বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস আচরণ করা হলেও আমরা হাল ছাড়িনি।
শুক্রবার শহরের কাতালানরা প্রধান সড়কগুলো অবরোধ করে রাখেন। অধিকাংশ স্বাধীনতাকামী জনগণ দোকানপাট বন্ধ করে ও কর্মক্ষেত্রে না গিয়ে ধর্মঘট পালন করেন। ফলে কর্তৃপক্ষ বার্সেলোনার ‘এল প্রাত’ বিমানবন্দরের ৬০টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। এছাড়া ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায় কাতালোনিয়ার বিভিন্ন অঞ্চলে।
এর আগেও বিমানবন্দরের শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে বিক্ষোভের কারণে। বিমানবন্দরের প্রবেশপথ অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা। কাতালোনিয়ার প্রাদেশিক পুলিশ বাহিনী থেকে জানানো হয়েছে যদিও মঙ্গলবার (১৫ অক্টোবর), বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় কোনো বিক্ষোভকারীর প্রবেশের চেষ্টাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।
তবে এসব হুমকিকে পাত্তা না দিয়ে শুক্রবার শহরের প্রধান সড়কগুলো অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। সড়কের ওপর টায়ারে আগুন ধরিয়ে ও রাস্তায় আলপিন ছড়িয়ে তারা যানচলাচল বন্ধ করে দেয়। স্পেন-ফ্রান্স সীমান্তবর্তী এপি-৭ মহাসড়কটি বন্ধ হয়ে গেলে দুই দেশের মধ্যে যানচলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেয় জিরোনায় কৃষকেরা ট্রাক্টর দিয়ে।
পূর্বকোণ/রাশেদ


















