ভিডিও গেমের জগতে বহুল আলোচিত গ্র্যান্ড থেফট অটো-৬ (জিটিএ-৬) দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পর অবশেষে বাজারে এসেছে। এ নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা উন্মাদনা গেমটির মুক্তি ঘিরে এবার কর্মীদের পাঁচ দিনের ছুটি দিয়েছে জাপানের গেম নির্মাতা প্রতিষ্ঠান পকেটপেয়ার। কর্মীরা যেন নির্বিঘ্নে নতুন এই গেমটি খেলতে পারেন, সে জন্য ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই ছুটি ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। মজার ছলে এই ছুটিকে ‘ভাইস সিটিতে জরুরি ব্যবসায়িক সফর’ বলে অভিহিত করেছে তারা।
পালওয়ার্ল্ড গেমের নির্মাতা পকেটপেয়ার গত বৃহস্পতিবার টোকিওর কার্যালয়ে সুশি পার্টির আয়োজন করে জিটিএ ৬-এর মুক্তি উদযাপন করে। এ সময় কর্মীদের একসঙ্গে অফিসে বসে গেমটি খেলা কিংবা বাড়ি ফিরে এককভাবে দীর্ঘ সময় ধরে খেলার সুযোগ দেওয়া হয়। গেমিংয়ের ‘নতুন যুগের’ সাক্ষী হওয়ার সুযোগ হিসেবেই এই ছুটিকে তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাকুরো মিজোবে স্বীকার করেছেন, দলের বড় একটি অংশ একসঙ্গে ছুটিতে যাওয়ায় ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব পড়তে পারে। তবে ১৩ বছরের অপেক্ষার পর গেমটি মুক্তি পাওয়ায় এই ঝুঁকি নেওয়া সার্থক বলে মনে করেন তিনি।
মুক্তির প্রথম দিনেই ২৩৬ কোটি ডলারের বিক্রি, রেকর্ড গড়লো জিটিএ ৬ মুক্তির প্রথম দিনেই ২৩৬ কোটি ডলারের বিক্রি, রেকর্ড গড়লো জিটিএ ৬
দলের সদস্যদের সঙ্গে উদযাপন শেষে এক বক্তব্যে মিজোবে বলেন, একজন গেম নির্মাতার দৃষ্টিকোণ থেকে অন্য গেমগুলো দেখা এবং এত অসাধারণ কিছু কীভাবে তৈরি করা হয়েছে, তা বোঝার অনেক সুযোগ রয়েছে। তবে একজন গেমার হিসেবে বললে, এমন অসাধারণ একটি গেম যখন মুক্তি পায়, তখন সত্যি বলতে আমারও সেটি খেলতে খুব ইচ্ছা করে।
জিটিএ ৬-এর রেকর্ড গড়া মুক্তি ঘিরে টোকিও থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়ে কর্মীসংকট দেখা দিয়েছে। এমনকি ভারতে গেমটি কনসোলের গণ্ডি পেরিয়ে সামাজিক আয়োজনের উপলক্ষেও পরিণত হয়েছে।
সূত্র: উইয়ন নিউজ
পূর্বকোণ/রাকিব/পারভেজ


















