বর্ণাঢ্য আয়োজন, শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (এসএসই) উদ্যোগে উদযাপিত হয়েছে ‘এসএসই ডে ২০২৬’।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আসিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল করিম ও আইইবি চট্টগ্রাম সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানযারে খুরশেদ আলম।
দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথমপর্বে ছিলো ইন্ডাস্ট্রি ও ক্যারিয়ার টক। এতে বক্তব্য দেন গ্রিন জেডএম, ঢাকার চিফ কনসালট্যান্ট অ্যান্ড পার্টনার ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনজুর আলম এবং বিকাশের প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি ডিভিশনের সলিউশন আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার অজয় কর। তাঁরা নিজ নিজ কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, প্রযুক্তির অগ্রগতি এবং শিল্প খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তাঁদের বক্তব্য শিক্ষার্থীদের বাস্তব কর্মজগৎ সম্পর্কে ধারণা লাভ এবং পেশাগত দক্ষতা উন্নয়নে অনুপ্রাণিত করে।
ক্যারিয়ার টক পর্বে বক্তব্য দেন ডেটাসফট সিস্টেম বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট এম. মঞ্জুর মাহমুদ এবং হাইডেলবার্গ সিমেন্ট গ্রুপের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মিজানুর রহমান। তাঁরা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিক ল্পনা, কর্মক্ষেত্রের প্রস্তুতি, পেশাগত দক্ষতা এবং চাকরির বাজারের বাস্তবতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, নাচ ও নাটকের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
‘এসএসই ডে ২০২৬’-এর মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও শিল্প খাতের বাস্তব অভিজ্ঞতার মধ্যে সেতুবন্ধন তৈরি, পেশাগত দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করার প্রয়াস নেওয়া হয়। শিল্প খাতের অভিজ্ঞ ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের জন্য একটি আনন্দঘন ও শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে উঠে।
পূর্বকোণ/এএইচ



















