সনাতন ধর্মাবলম্বীদের কেবল রাজনৈতিক ‘ভোট ব্যাংক’ হিসেবে ব্যবহার করার দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যারা আপনাদের এত দিন কেবল ভোট ব্যাংক হিসেবে মনে করেছিল, আপনারা আপনাদের ভোটাধিকার ও বিচক্ষণতার মাধ্যমে তাঁদের সেই ভ্রান্ত ধারণা ও ভুল ভেঙে দিয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
অতীতে বিভিন্ন সরকারের আশ্বাস ও বৈদেশি নির্ভরতার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী এই জেএম সেন হলে অতীতেও অনেকে এসেছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে থাকার নানা আশ্বাস দিয়েছেন। তাঁরা প্রতিবেশী দেশের সঙ্গে আলাপ করে তাঁদের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করতেন। কিন্তু আমরা অন্য কোনো দেশের অনুকম্পা বা ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না।
স্বাধীনতার মূল চেতনা ও অসাম্প্রদায়িকতার ওপর জোর দিয়ে তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। আমাদের মুক্তিযুদ্ধের শহীদরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে ধর্মীয় সম্প্রীতি অটুট থাকবে। আমি খুব সচেতনভাবে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দটা এড়িয়ে চলি, কারণ আমরা আইনিভাবে কোনো সম্প্রদায়কে আলাদা করে স্বীকৃতি দিই না। পৃথিবীর সব দেশেই কম-বেশি নানা ধর্মের মানুষ থাকে এবং স্বাভাবিকভাবেই কোথাও সংখ্যাগরিষ্ঠ থাকে। কিন্তু আমরা এখানে কাউকে ‘সংখ্যালঘু’ হিসেবে তুলনা করতে চাই না। আমাদের মূল পরিচয়—আমরা সবাই বাংলাদেশি নাগরিক।
তিনি আরও জানান, এই নাগরিক পরিচয়কে নতুনভাবে অনুধাবন করার জন্য চব্বিশ-পরবর্তী বাংলাদেশে যে নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করা হয়েছে, তার সঠিক নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক ত্যাগের কথা স্মরণ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, এ দেশের সনাতন, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমসহ সব ধর্মের মানুষ এক হয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। আবার ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে চব্বিশের গণ-অভ্যুত্থানেও সব ধর্মের ভাইয়েরা রাজপথে রক্ত ঝরিয়েছেন। ফলে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন তৈরি বা ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ আর এ দেশে নেই।
বক্তব্যের শেষভাগে তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা সরকারের ওপর যে আস্থা প্রকাশ করেছেন, আমরা তা হৃদয়ে ধারণ করেছি। আমাদের নেতা তারেক রহমান আজ দেশের সকল মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছেন।
পূর্বকোণ/রানা/পারভেজ


















