করোনা সংক্রমণ রোধে হাটহাজারীর পৌরসদরের সবজি বাজার সরিয়ে নেয়া হয়েছে। ক্রেতাদের চলাচলের সুবিধার্থে এক সারি থেকে অন্য সারির দূরত্ব রাখা হয়েছে ২০ ফুট। প্রতিটি দোকানের মধ্যে নূন্যতম দূরত্ব রেখে সময় উপযোগী এ উদ্যোগ নিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। উপজেলা পর্যায়ে এমন উদ্যোগ নেয়া হলেও নগরীর রিয়াজ উদ্দিন বাজারে সবজি বিক্রেতা কিংবা ক্রেতাদের চিত্র ভিন্ন। সেখানে ক্রেতা-বিক্রেতার মধ্যে নেই কোন দূরত্ব। করোনা নিয়ে তাদের তেমন আগ্রহও নেই। সবজি, বৈশাখের পাঁচন, মাছ, মুরগি কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতা। ভিড়ে দৃষ্টি প্রসারিত করার সুযোগ নেই।
করোনাভাইরাস বিস্তার রোধে সারাদেশের মানুষকে প্রয়োজনের বাইরে ঘর থেকে বের না হওয়া কিংবা জরুরি প্রয়োজনে বের হলেও দু’জন ব্যক্তির মাঝখানে নূন্যতম এক ফুট দূরত্ব রাখতে প্রচারণা চালানো হচ্ছে দেশজুড়ে। সামাজিক আর শারীরিক দূরত্ব বজায় নিশ্চিত করতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সংস্থার সদস্যরা। নগরজুড়ে সড়ক ফাঁকা থাকলেও গতকাল (শনিবার) দুপুর আনুমানিক একটায় নগরীর রিয়াজ উদ্দিন বাজারে গিয়ে দেখা যায় সম্পূর্ণ ভিন্নচিত্র। সেখানে মানুষে মানুষে নেই কোন দূরত্ব। তিনপুলের মাথায় শতাধিক রিক্শার জট পার হয়ে কয়েক পা এগুতেই সড়কের পাশে সাজিয়ে রাখা হয়েছে চনাবুট আর পিঁয়াজুর থাল। আর থাল ঘিরেই দিব্যি কেনাকাটা করছেন আট দশজন লোক। চনাবুট-পিঁয়াজু বিক্রেতার পাশ ঘেঁষেই বসা সবজি বিক্রেতা আরমান হোসাইন বলেন, করোনা নিয়ে চিন্তা করলে পেট চলবে না। বউ বাচ্চা নিয়ে উপোস থাকতে হবে। তার কথার সাথে সুর মিলিয়ে একই কথা বলেন সবজি বিক্রেতা মোহাম্মদ হোসাইন, নাছির উদ্দিনসহ আরো বেশ কয়েকজন। চৈতন্যগলি সড়কের কাঁচা বাজারের মাঝামাঝি যেতেই দেখাগেলো দশ পনেরোজন লোক মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। পরে জানাগেলো লেবুভর্তি ঝাকা ঘিরে ধরেছে তারা। ‘করোনারোধে’ সবাই লেবু কিনতে মরিয়া। সবজি বাজারের মতো প্রচ- ভিড় মুরগি ও কাঁচা মাছ বাজারে। মুরগি বিক্রেতা আনোয়ার হোসাইন বলেন, রিয়াজ উদ্দিন বাজার কাঁচাবাজারের প্রতিদিনের চিত্র এটি। করোনায় ঘরে বসে থাকলে ব্যবসা লাটে উঠবে। সামনে আসছে রমজান মাস। অন্য সময়ে রমজানকে ঘিরে বেঁচাকেনা ভালো। রমজানে খরচও বেশি। ব্যবসা গুটিয়ে বসে থাকলে চলব কি করে। মুরগির দোকান পার হয়ে মাছ বাজারের দিকে যেতে আর সাহস হলো না। কারণ মানুষের ভিড়ে দৃষ্টি প্রসারিত করার কোন সুযোগ নেই।






















