কংক্রিটের শহর চট্টগ্রামের ‘সবুজ প্রশান্তি’ সিআরবির প্রাণ প্রকৃতি রক্ষায় সেখানে গাড়ি চলাচল নিষিদ্ধের দাবি জানিয়েছেন চট্টগ্রামের বিশিষ্টজনেরা। গতকাল বৃহস্পতিবার বিকালে সিআরবির সাত রাস্তার মোড়ে সিআরবি রক্ষা মঞ্চ আয়োজিত প্রতিবাদ সভায় এই দাবি জানান তারা।
সভায় অংশ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস বলেন, বার্লিন, প্যারিস, লন্ডন, মস্কো- এসব বড় বড় শহরের মাঝখানে বিরাট বাগান, সবুজ প্রকৃতি রয়েছে। তারা সেগুলোর পরিচর্যা করে। কিন্তু আমরা সবুজ ধ্বংস করছি। ছোটবেলায় এই সিআরবি এলাকায় কাঠ বিড়ালি দেখেছি। তারা দৌড়ে বেড়াতো। এখন তারা কোথায়? আমরা তাদের রক্ষা করতে পারিনি।
তিনি বলেন, সিআরবিতে কোনো অবস্থাতেই হাসপাতাল নির্মাণ করা যাবে না। ক্ষমতাবান চক্রের টার্গেট শুধু হাসপাতাল নির্মাণ নয়- পুরো সিআরবি এলাকা দখল করা। তারা লাল দাগ দেয়া ২০০টি শতবর্ষী গাছ কাটতে চায়। সিআরবি আমাদের রক্ষা করতে হবে। লন্ডন-বার্লিন পার্কের মতো সিআরবিতেও গাড়ির প্রবেশ নিষিদ্ধ করতে হবে। চট্টগ্রামের মানুষ কিছুতেই সিআরবিতে কোনো বাণিজ্যিক স্থাপনা চায় না।
সিআরবি রক্ষা মঞ্চের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, মশিউর রহমান খান, ডা. মো. আরমান জাইদ, রিজওয়ানুর রহমান খান, বনবিহারী চক্রবর্তী, মো. মোরশেদ আলম, সোহাইল উদুজা, জিয়াউল হক, তাহমিদুল ইসলাম, সিনচন ভৌমিক, এসএম নুরুল হুদা চৌধুরী, রনি ইসলাম, ইঞ্জিনিয়ার ফয়সাল, মেজবাহ চৌধুরী, রিদওয়ান হৃদয় প্রমুখ।
সমাবেশে বক্তারা সিআরবি নিয়ে চট্টগ্রামবাসীর উদ্বেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আনায় দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সিআরবি রক্ষায় প্রধানমন্ত্রীর আন্তরিক ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
পূর্বকোণ/এএইচ





















