ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘সন্ত্রাসী কার্যক্রম’ চালানোর অভিযোগে ছাত্রলীগের পাশাপাশি তাদের সঙ্গে থাকা ‘গুপ্ত’ ছাত্রশিবির কর্মীদেরও বিচার দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
বুধবার চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “গত ১৭ বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা-মামলা, ভয় ও গেস্ট রুমের নির্যাতন এবং পিটিয়ে মানুষ মারা ছাত্রলীগের সন্ত্রাসীদের মধ্যেও ‘গুপ্ত’ শিবির রয়েছে।
“ছাত্রলীগের অতীতে কর্মকাণ্ডে শিবির তাদের ‘হেল্পিং হ্যান্ড’ হিসেবে ভূমিকা রেখেছিল। গত ১৭ বছরের জন্য শুধু ছাত্রলীগের বিচার করলে হবে না। ছাত্রলীগের মধ্যে গুপ্তভাবে যারা শিবির ছিল, তাদেরও বিচার করতে হবে।”
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে মঙ্গলবার আঁকা গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্রশিবির। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। ধারাল অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও শিবির নেতাকর্মীরা।ঘটনার জন্য ছাত্রদল ও ছাত্রশিবির পরস্পরকে দায়ি করেছে।
ওই ঘটনার প্রতিবাদে বুধবার চট্টগ্রাম মহানগর ছাত্রদল নগরীর নিউ মার্কেট মোড়ে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকা থেকে মিছিল নিয়ে নিউ মার্কেট মোড়ের সমাবেশে জড়ো হন ছাত্রদল নেতাকর্মীরা।
সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির বলেন, “৫ তারিখের (চব্বিশের ৫ অগাস্ট) পর তারা বিভিন্ন ক্যাম্পাসে ‘কথিত সাধারণ শিক্ষার্থী’ নামে নাটক মঞ্চস্থ করেছিল। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে চেয়েছিল। কিন্তু আমরা দেখেছি, যারা দলীয় রাজনীতি বন্ধের জন্য মিছিল মিটিং করেছিল, পরে তারাই শিবিরের নেতা হয়ে দাঁড়িয়েছে।”
জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে ছাত্রশিবির ‘দ্বিচারিতা’ প্রকাশ করেছিল অভিযোগ করে তিনি বলেন, ৯ দফার মধ্যে তারা দলীয় ছাত্র রাজনীতি বন্ধের পাঁয়তারা করেছিল। ছাত্রদল এর প্রতিবাদ করেছিল।
পূর্বকোণ/আরআর/পারভেজ





















