
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট এলাকায় অত্যাবশ্যকীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে অত্যাবশ্যকীয় পণ্যের অবৈধ মজুত, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং ভোজ্য তেল মজুতের মতো বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় তাদের যথাক্রমে ৩০ হাজার টাকা ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ ধ্বংস করা হয়।
অভিযানকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের অবৈধভাবে পণ্য মজুত না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ