চট্টগ্রাম শনিবার, ১৪ মার্চ, ২০২৬

কিশোর-বান্ধব স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতে ৬ বছর মেয়াদী নতুন প্রকল্পের যাত্রা

কিশোর-বান্ধব স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতে ৬ বছর মেয়াদী নতুন প্রকল্পের যাত্রা

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৬ | ১১:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (SRHR) নিশ্চিতে স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘হেলথ সিস্টেম রেজিলিয়েন্সি ফর ইমপ্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের বিভাগীয় ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।

 

সম্প্রতি চট্টগ্রাম নগরীর ‘দ্য পেনিনসুলা’ হোটেলে আয়োজিত এই ইনসেপশন মিটিংয়ে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগীরা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রকল্পের মূল লক্ষ্য হিসেবে নগর ও উপ-নগর এলাকার কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় বিদ্যমান প্রতিকূলতা দূর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এই প্রকল্পটি জাতীয় স্বাস্থ্য অগ্রাধিকারের সাথে তৃণমূল পর্যায়ের কার্যক্রমের সমন্বয় ঘটিয়ে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য কাঠামো তৈরিতে কাজ করবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ডিজিএইচএস) ডা. শেখ ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. শরীফ উদ্দিন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা। এছাড়াও ভিক্টিম সাপোর্ট সেন্টার ও চট্টগ্রাম নার্সিং কলেজের প্রতিনিধিরাসহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা কিশোর-কিশোরীদের স্বাস্থ্যগত অধিকার নিয়ে আলোচনা করেন।

 

প্রকল্পটি একটি শক্তিশালী কনসোর্টিয়ামের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, যার মধ্যে রয়েছে বাপসা (BAPSA), ইপসা (YPSA) এবং মমতা-এর মতো প্রতিষ্ঠান।

 

৬ বছর মেয়াদী এই প্রকল্পটি জানুয়ারি ২০২৬ থেকে শুরু হয়ে ২০৩২ সাল পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে। সভার শেষে সকল অংশীজন বাংলাদেশে একটি বৈষম্যহীন ও কিশোর-বান্ধব স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য সম্মিলিত অঙ্গীকার ব্যক্ত করেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট