চট্টগ্রাম শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যার অভিযোগ পরিবারের

সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যার অভিযোগ পরিবারের

সীতাকুণ্ড সংবাদদাতা

৩ মার্চ, ২০২৬ | ১০:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জেরিন আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (২ মার্চ) গভীর রাতে উপজেলার পৌরসদরস্থ ইকোপার্ক সংলগ্ন একটি সরকারি পুনর্বাসন কেন্দ্রের ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত জেরিন ওই এলাকার বাসিন্দা ফারুকের স্ত্রী এবং বাড়বকুণ্ড ইউনিয়নের হাশেম নগর এলাকার আবুল কালামের মেয়ে। মাত্র তিন মাস আগে মা হয়েছিলেন তিনি, তার কোলে ছিল একটি কন্যা সন্তান।

 

নিহতের পরিবারের অভিযোগ, এটি কোনো আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। স্বজনরা জানিয়েছেন, দেড় বছর আগে ফারুকের সাথে জেরিনের বিয়ে হয় এবং বিয়ের পরপরই তারা জানতে পারেন ফারুক মাদকাসক্ত। তিনি নিয়মিত নেশার টাকার জন্য জেরিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

 

সোমবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করেন।

 

নিহতের বাবা আবুল জানান, মাদকাসক্ত ফারুক প্রায়ই টাকার জন্য তার মেয়েকে মারধর করত। মেয়ের সংসার টিকিয়ে রাখতে তিনি বেশ কয়েকবার টাকাও দিয়েছিলেন।

 

তার ধারণা, ফারুক তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে দিয়েছে।

 

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, পুলিশ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট