চট্টগ্রাম শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

"বিএনপি শ্লোগানে নয় কাজে বিশ্বাসী": রাঙ্গুনিয়ায় হুমাম কাদের চৌধুরী

বিএনপি শ্লোগানে নয় কাজে বিশ্বাসী: হুমাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৭ এপ্রিল, ২০২৬ | ১১:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর অধীনে খাল খনন ও কালভার্ট নির্মাণের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার শিলক ইউনিয়নে ‘মরা খাল’ পুনঃখনন এবং পদুয়া ইউনিয়নে ‘ত্রিপুরা সুন্দরী খালের’ ওপর নির্মিত বক্স কালভার্টের শুভ উদ্বোধন করেন তিনি।

 

উদ্বোধনী পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, “বিএনপি শ্লোগানে নয় কাজে বিশ্বাসী।”

 

তিনি আরও উল্লেখ করেন যে, খাল খনন কর্মসূচি ছিল মূলত শহীদ জিয়ার স্বপ্ন, যা বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে বাস্তবায়িত হচ্ছে। তিনি বিশ্বাস করেন, দেশের কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে এবং রাঙ্গুনিয়ার ৬০ ভাগ মানুষ যেহেতু কৃষিজীবী, তাই এই খাল খনন কর্মসূচি তাদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।

 

ভোটের প্রতিদান হিসেবে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “ভোটদানের হাতের কালি শুকানোর পূর্বে উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করতে পেরে ভালো লাগছে।”

 

তিনি আরও জানান যে, শীঘ্রই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে, পদুয়ায় নতুন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে এবং কাপ্তাই সড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হবে।

 

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কড়া বার্তা দিয়ে বলেন, কেবল বক্তৃতা দিয়ে ভোট পাওয়া যাবে না, বরং নিজ নিজ ওয়ার্ড ও ইউনিয়নে কাজের মাধ্যমে নেতৃত্ব প্রমাণ করতে হবে। এছাড়া তিনি মাদক ব্যবসায়ীদের উন্নয়নের পথে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেন এবং তাদের ধরিয়ে দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বিএডিসি কর্মকর্তা ছাড়াও বিএনপি নেতা শওকত আলী নুর, অধ্যাপক আজম খান, অধ্যাপক মহসিন এবং ফজলুল হকসহ উত্তর জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট