চট্টগ্রাম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

সালিশি বৈঠকে হামলা, মিরসরাইয়ে ভাতিজাকে বাচাঁতে গিয়ে চাচা খুন, আহত ৪

সালিশি বৈঠকে হামলা, মিরসরাইয়ে ভাতিজাকে বাচাঁতে গিয়ে চাচা খুন, আহত ৪

মিরসরাই সংবাদদাতা

১৭ এপ্রিল, ২০২৬ | ৯:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি সালিশি বৈঠকে হামলার ঘটনায় শফিউল আলম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার মধ্যম আমবাড়ীয়া গ্রামের কালাম সওদাগরের দোকানের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শফিউল আলম ওই গ্রামের মৃত নুর বকসের ছেলে।

 

সূত্রে জানা গেছে, এলাকার কিছু বখাটে দীর্ঘদিন ধরে ফকির আহমেদ নামে এক প্রতিবন্ধীকে উত্ত্যক্ত করে আসছিল। গত সপ্তাহে তাকে ‘মুরগি চোর’ বলে সম্বোধন করে মারধর ও রক্তাক্ত করা হয়। এই ঘটনার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে শুক্রবার জুমার নামাজের পর একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

 

বৈঠক চলাকালীন জিসান, রিপন, রিংকু ও রিজভীসহ একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় প্রতিবন্ধী ভাতিজা ফকির আহমেদকে বাঁচাতে এগিয়ে এলে চাচা শফিউল আলমকে পিটিয়ে হত্যা করা হয়। হামলায় নিহতের বড় ভাই নুর আলম, ছেলে সিফাত, ভাতিজা ফকির আহম্মদ এবং গ্রাম সর্দার আজিম উদ্দিন গুরুতর আহত হয়েছেন।

 

নিহতের ছেলে সিফাত অভিযোগ করেন যে, হামলাকারীরা এলাকায় মাদক সেবন ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। তিনি তার পিতার হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদা আক্তার জানান, নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট