চট্টগ্রাম শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

৩৮ নং ওয়ার্ডে উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক

১৮ এপ্রিল, ২০২৬ | ১২:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ৩৮ নং ওয়ার্ডের ঈশান মিস্ত্রির হাট এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও সুইচগেট নির্মাণ কাজ অসমাপ্ত রাখার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ) অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে,জলাবদ্ধতা নিরসন, সড়ক মেরামত ও উন্নয়ন, ড্রেনেজ ও ড্রেন নির্মাণ-সংস্কার, খাল পরিষ্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

 

৩৮ নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ শফিউল আলম ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম নগরের বন্দর এলাকার গুরুত্বপূর্ণ জনপদ ঈশান মিস্ত্রির হাট দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। খাল খনন, গার্ডওয়াল নির্মাণ, ড্রেনেজ সংস্কার এবং সড়ক উন্নয়নের অভাবে এলাকাবাসীকে প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুম এলেই জলাবদ্ধতায় ডুবে যায় পুরো এলাকা, সৃষ্টি হয় জনজীবনে চরম দুর্ভোগ।

 

বক্তারা আরও জানান, ঈশান মিস্ত্রির হাট সংলগ্ন সুইচগেটটির নির্মাণ কাজ ২০২২ সালে শুরু হলেও ২০২৬ সালেও তা সম্পূর্ণ হয়নি। দীর্ঘ চার বছর ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা এই প্রকল্প স্থানীয়দের জন্য যেন দুর্ভোগের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, আর এতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম এবং স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

 

এছাড়া সল্টগোলা রেল ক্রসিং থেকে বাকের আলী ফকিরের টেক পর্যন্ত সড়কটির বেহাল দশা নিয়ে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, রাস্তাটির ভাঙাচোরা ও জরাজীর্ণ অবস্থার কারণে প্রতিদিন হাজারো মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না, কর্মজীবী মানুষ হারাচ্ছেন মূল্যবান কর্মঘণ্টা। প্রতিনিয়ত যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ হয়ে উঠেছে পুরো জনপদ।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. হাবিবুর রহমান, আমীর জহির উদ্দিন, আব্দুল্লাহ ওমর বাহাদুর, আলহাজ্ব নজির আহমদ সওদাগর, ইমরুল কায়েস মোঃ মঈনুদ্দীন, বিশিষ্ট ব্যাংকার; শওকত হোসেন, সাংবাদিক মো. ফয়সাল হাসান জনি, মো. মনসুর, মো. ইউসুফ, আলী হোসেন বুলু. মো. মোরশেদ প্রমুখ ব্যবসায়ী, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট