
কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) থেকে ছিটকে সড়কে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চিরিংগা-বদরখালী সড়কের বাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী নওশাদ শরীফ নূর (১২) চকরিয়া পৌরসভার বাটাখালীর খোন্দকার পাড়ার প্রবাসী মোহাম্মদ ইউছুফের ছেলে ও চকরিয়া গ্রামার স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় লোকজন বলেন, ইজিবাইকে যাওয়ার সময় নওশাদ হঠাৎ ছিটকে সড়কের ওপর পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই শিক্ষার্থী। ট্রাকটি দ্রুতগতিতে স্থান ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, নওশাদ শরীফ সকালে বাড়ির কাছ থেকে ইজিবাইকে ওঠে প্রাইভেট পড়তে যাচ্ছিল। দক্ষিণ বাটাখালী এলাকায় এসে টমটম থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় নওশাদ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি দ্রুতগতিতে স্থান ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ