
বান্দরবানের থানচি উপজেলায় একটি দোকানের এয়ার কম্প্রেসার (বায়ু সংকোচক) যন্ত্র বিস্ফোরিত হয়ে এক কিশোর শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের বাস স্টেশন এলাকার বাস ড্রাইভার নুরুল আলমের দোকানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক নাম আব্দুর কাদের (১৪) চট্টগ্রামের চন্দনাইশ থানার দোহাজারী ইউনিয়নের খাগরিয়া গ্রামের আব্দুর কুদ্দুসের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, কর্মস্থলে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে এয়ার কম্প্রেসার যন্ত্রটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের প্রচণ্ডতায় কিশোর কাদের ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত সিনিয়র নার্স ঋতু চাকমা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যন্ত্রের অতিরিক্ত চাপ বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটতে পারে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার এ বিষয়ে জানান, নিহতের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে আলোচনার ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই অকাল মৃত্যুতে এলাকায় সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ