
বাংলা নববর্ষ ১৪৩৩ স্বাগত জানাতে উন্মুখ পুরো দেশ। সারাদেশের মতো বাঙালির এ প্রাণের উৎসবে মেতে ওঠার ব্যাপক প্রস্তুতি চলছে বোয়ালখালীতে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজন নিয়ে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।
সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি। রাত পোহালেই মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নতুন বছরের প্রথম দিন।
পহেলা বৈশাখ উদযাপনের আয়োজন নিয়ে উপজেলা প্রশাসন, স্যার আশুতোষ সরকারি কলেজসহ বিভিন্ন সাহিত্য সংস্কৃতিক গোষ্ঠী ব্যস্ত সময় পাড় করতে দেখা গেছে।
প্রতি বছরের ন্যায় উপজেলা প্রশাসনের উদ্যাগে সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রা, রশিটানা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এইদিন সকাল ৯টায় কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে নববর্ষের আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলার দাশের দিঘির পাড়ে সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে সংগীতানুষ্ঠান, বলিখেলা, কাউয়ালী গানের আসর, গীতা আলেখ্য ও পুরস্কার বিতরণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, ‘বাঙালির ইতিহাস ঐতিহ্যের বাংলা নববর্ষ বরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখন অপেক্ষার পালা প্রাণের এ উৎসবে মেতে ওঠার।’
পূর্বকোণ/পিআর