আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্টের দায়িত্ব তুলে নিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। একগুচ্ছ পরিকল্পনা নিয়েই ভারতীয় ক্রিকেটের মসনদে বসলেন ‘দাদা’। হাতে সময়টা যদিও খুবই কম। তার মধ্যেই ভারতীয় ক্রিকেটের ডামাডোলের দিকগুলো সামলে নিতে চান। ঠিক যেভাবে নানা সমস্যায় জর্জরিত একটা দলের অধিনায়কত্ব নিয়ে বদলে দিয়েছিলেন তিনি।
অমিত শাহর ছেলে জয় শাহ দায়িত্ব নিলেন বিসিসিআই সচিবের। অরুণ ধুমল কোষাধক্ষ্য হিসেবে দায়িত্ব নিলেন। প্রাক্তন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের চোট ভাই তিনি। এই প্রতিনিধিদের বেছে নিতে কোনও নির্বাচনের প্রয়োজন হয়নি।
সৌরভের আগে ভারতের আর কোনো অধিনায়ক বিসিসিআইয়ের সভাপতি হননি। ভারতের অন্যতম সফল এ অধিনায়ক বোর্ডের ৩৯তম সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁর আগে জগমোহন ডালমিয়া, এন শ্রীনিবাসন, শশাঙ্ক মনোহর, শরদ পাওয়ার প্রমুখ এ দায়িত্ব পালন করে গিয়েছেন। লোঢা সংস্কারের কারণে এ পদে দশ মাস থাকবেন সৌরভ।
পূর্বকোণ/পিআর


















