চট্টগ্রাম সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

কপ-৩১'-এ যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ-৩১’-এ যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স

২ নভেম্বর, ২০২৬ | ৬:৩৮ অপরাহ্ণ

জলবায়ু পরিবর্তনবিষয়ক বৈশ্বিক সম্মেলন ‘কপ-৩১’-এ যোগ দিতে স্বল্পকালীন সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উচ্চপর্যায়ের দুই দিনের মূল অধিবেশনে অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ঋণ নয়, বরং অনুদান হিসেবে অর্থায়নের জোর দাবি তুলবে বাংলাদেশ।

সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি জানান, প্রধানমন্ত্রী সফরের সময় অতি সংক্ষিপ্ত হলেও সম্মেলনে বাংলাদেশের পক্ষে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা বিশ্বমঞ্চে তুলে ধরা হবে। বিশেষ করে, বিশ্বজুড়ে কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশ ও এ অঞ্চলের মানুষ যেসব চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে, তা গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হবে। একই সঙ্গে ঐতিহাসিক দায়বদ্ধতার অংশ হিসেবে উন্নত ও বেশি কার্বন নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বিগত ছয় মাসে দেশের পরিবেশ ও জলবায়ু রক্ষায় প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন দূরদর্শী উদ্যোগ। যেমন দেশব্যাপী খাল খনন, ব্যাপক বৃক্ষরোপণ, সৌরবিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানির বিস্তার সম্মেলনে সাফল্যের উদাহরণ হিসেবে তুলে ধরা হবে।

উল্লেখ্য, আগামী ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)। প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সফরসূচি নিয়ে সম্মেলনের আগে আরও একটি বিস্তারিত সংবাদ সম্মেলন আয়োজন করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।

পূর্বকোণ/মেহেদী/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট